খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 7শে শ্রাবণ ১৪৩২ | ২২ই জুলাই ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
রাজশাহীর চারঘাটে ঈদের আগের রাতে আতশবাজি নিয়ে দুই বন্ধুর মধ্যে সংঘর্ষে আশিক ইসলাম নামে এক কলেজছাত্র হত্যার ঘটনায় একই পরিবারের তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২১ জুলাই) দুপুরে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মহিদুজ্জামান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—আশিক ইসলামের বন্ধু ও মূল অভিযুক্ত আশিক আলী, তার বাবা কালাম আলী এবং বড় ভাই আরিফ আলী। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুন্সি আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২১ সালের কোরবানির ঈদের আগের দিন রাতে আশিক ইসলাম ও তার বন্ধুরা আতশবাজি কিনে ফেরার পথে বন্ধু আশিক আলীর সঙ্গে দেখা হয়। একই নাম ও পারিবারিক বন্ধনের কারণে তারা ঘনিষ্ঠ ছিল। সেদিন আশিক আলী মজা করে তিনটি আতশবাজি কেড়ে নিয়ে পালিয়ে যায়।
পরে রাত ১০টার দিকে আশিক ইসলাম ও তার বন্ধুরা আতশবাজি আনতে আশিক আলীর বাড়িতে গেলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়, যা পরিণত হয় সংঘর্ষে। এতে দুজন আহত হন। হাসপাতালে নেওয়ার পথে আশিক ইসলামের মৃত্যু হয়। তার বাবা আসলাম আলী চারঘাট থানায় মামলা করেন।
রায়ে আদালত তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন। তবে আসামিদের মা আরিফা বেগমকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন এবং রায় শেষে তাদের কারাগারে পাঠানো হয়।
রায়ের দিনে নিহত আশিক ইসলামের মা, স্বজন ও এলাকাবাসী ফাঁসির দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন।
রায় পরবর্তী প্রতিক্রিয়ায় আশিক ইসলামের বাবা আসলাম আলী বলেন, “যারা আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করেছে, তাদের ফাঁসি না হওয়া পর্যন্ত শান্তি পাব না। এই রায়ে আমরা সন্তুষ্ট নই। আলোচনা করে উচ্চ আদালতে আপিল করব।”
খবরওয়ালা/টিএস