খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ২৬ জুলাই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সফরে যাচ্ছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সফরটি দুই প্রতিবেশী দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই সোমবার এক সংবাদ সম্মেলনে জানান, প্রেসিডেন্ট পেজেশকিয়ানের পাকিস্তান সফরের তারিখ চূড়ান্ত হয়েছে। এ বিষয়ে উভয় দেশের কর্মকর্তারা প্রস্তুতি নিচ্ছেন। তেহরান সফরটিকে ইসলামাবাদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বের প্রতিফলন হিসেবে দেখছে।
তিনি আরও বলেন, “ইরান-পাকিস্তান সম্পর্কের ভিত্তি ঐতিহাসিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও পারস্পরিক শ্রদ্ধার ওপর দাঁড়িয়ে। সাম্প্রতিক সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে যোগাযোগ ও সমন্বয় বেড়েছে।”
বাকাই জানান, ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক স্থাপনায় টানা ১২ দিন ধরে চলা হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তান, যা তেহরান গভীর কৃতজ্ঞতায় স্মরণ করছে।
অন্যদিকে, ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনি সম্প্রতি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির সঙ্গে ফোনালাপে বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, “এই দুর্যোগের সময় ইরান পাকিস্তানের পাশে আছে এবং ক্ষতিগ্রস্তদের জন্য সম্ভাব্য সব সহায়তা দিতে প্রস্তুত।”
সেই আলোচনায় ২৬ জুলাই মাসুদ পেজেশকিয়ানের সফর নিয়েও মতবিনিময় হয়। ইরানি স্বরাষ্ট্রমন্ত্রী নাকভির সাম্প্রতিক তেহরান সফরের প্রশংসা করেন, আর পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইসলামাবাদ প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে স্বাগত জানাতে প্রস্তুত ও উৎসাহী। উভয় পক্ষই আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত হবে।
খবরওয়ালা/টিএসএন