রক্ত দিতে বার্ন ইনস্টিটিউটে তৃতীয় লিঙ্গের শতাধিক মানুষ

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিশুদের রক্ত দিতে এগিয়ে এসেছেন তৃতীয় লিঙ্গের (হিজড়া) শতাধিক মানুষ। 

মঙ্গলবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে জড়ো হন তারা।

সমাজে নানাভাবে নিগ্রহের শিকার এসব মানুষ বলছেন, যারা আহত হয়েছে, ওরা তো আমাদেরই সন্তান। ওদের বিপদে আমরা ওদের পাশে আছি।
সরেজমিনে দেখা যায়, এসব তৃতীয় লিঙ্গের মানুষেরা হাসপাতালের সামনে রক্তদাতা সংগ্রহের জন্য বসানো বুথে গিয়ে নিজেদের নাম, রক্তের গ্রুপ ও নাম্বার দিয়ে তালিকাবদ্ধ হচ্ছেন।

তৃতীয় লিঙ্গের একজন জানান, এই মানবিক উদ্যোগে তারা সাড়া দিয়েছেন গুরু মা পিংকি সিকদারের আহ্বানে। তিনি বলেন, আমাদের গুরু মা বললেন—বিমান দুর্ঘটনায় দগ্ধ শিশুদের অনেক রক্তের প্রয়োজন। তিনি প্রশ্ন করলেন, কে কে যাবে? আমরা তখনই একসঙ্গে বলেছি চলুন, আমরা সবাই যাই। 
হাবিবা নামে তৃতীয় লিঙ্গের আরেকজন বলেন, যত রক্ত লাগবে, আমরা দিতে প্রস্তুত। শুধু চাই, ছোট ছোট এই শিশুরা সুস্থ হয়ে ফিরে আসুক।

যাত্রাবাড়ী এলাকায় দায়িত্বে থাকা তৃতীয় লিঙ্গের মানুষদের গুরু মা রোকসানা হাজী বলেন, আমরা দেশের বিভিন্ন সংকটে মানুষের পাশে থাকার চেষ্টা করি। আমার দেশের ছেলেমেয়েরা আজ বিপদে। তাদের রক্ত দিতে আমরা এসেছি। ইতোমধ্যে ঢাকায় থাকা আমাদের সদস্যরা এসেছেন। ঢাকার বাইরে থেকেও আসছেন মানুষের পাশে দাঁড়াতে। আমরা সবাই রক্ত দেব।

তিনি বলেন, ‘আমাদের দুনিয়ায় কেউ নেই। আমাদের কোনো পিছুটান নেই। জনগণই আমাদের পরিবার।’

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।