খবরওয়ালা আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
সরকারি স্কুল ভবনের ছাদ ধসে ৭ শিশু নিহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় আরও দুই শিশুকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে ভারতের রাজস্থানের ঝালাওয়ার জেলার মনোহর থানার পিপলোদি সরকারি স্কুলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সকাল সাড়ে ৮টার দিকে ভবনের ছাদ হঠাৎ করে ধসে পড়ে। এ সময় স্কুলের একতলা ভবনের মধ্যে শিক্ষক-কর্মচারীসহ প্রায় ৬০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। স্থানীয় প্রশাসন জানিয়েছে, স্কুলটি অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান করে এবং ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল। এই বিষয় নিয়ে আগেও একাধিকবার অভিযোগ জানানো হয়েছিল।
রাজস্থানের শিক্ষা সচিব কৃষ্ণ কুণাল জানান, উদ্ধার অভিযান শেষ হয়েছে। দুর্ঘটনাস্থলে ছয় শিশুর মৃত্যু হয়েছে এবং পরে হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়। নিহত সকল শিশুদের বয়স আট থেকে ১১ বছরের মধ্যে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন, গত কয়েকদিনের ভারি বৃষ্টিপাতের ফলে ছাদ দুর্বল হয়ে পড়েছিল এবং শুক্রবার সকালে হঠাৎ করেই সেটি ধসে পড়ে। ছাদ ধসের সঙ্গে সঙ্গে বিকট শব্দ, ধুলোর ঝড় এবং শিশুদের আতঙ্কে চিৎকারে গোটা এলাকা স্তব্ধ হয়ে যায়।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে গিয়ে আটকে পড়া শিক্ষার্থী ও স্টাফদের উদ্ধারে অংশ নেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চারটি জেসিবি মেশিন। উদ্ধারকাজে সহায়তা করতে জেলা প্রশাসনের কর্মকর্তারা ও দুর্যোগ ব্যবস্থাপনা দলও উপস্থিত ছিলেন।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক বিবৃতিতে তিনি বলেন, ‘এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত শিশুদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। প্রশাসন ক্ষতিগ্রস্তদের সকল ধরনের সহায়তা প্রদান করছে।’
এদিকে রাজস্থানের শিক্ষামন্ত্রী মদন দিলাওয়ার বলেন, ভবন ধসের কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হবে। তিনি আরও জানান, জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন এবং তাদেরকে পরিস্থিতি পর্যবেক্ষণ ও সম্ভাব্য সর্বাত্মক সহায়তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য মনোহর থানার হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে ঝালাওয়ারের একটি বড় হাসপাতালে।
খবরওয়ালা/এন