বাংলাদেশ সেনাবাহিনী ও ইউএস প্যাসিফিক আর্মির যৌথ মহড়া শুরু

বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ড-এর যৌথ অংশগ্রহণে শুরু হয়েছে ছয়দিনব্যাপী সামরিক অনুশীলন ‘এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৫’।

শুক্রবার (২৫ জুলাই) সিলেটের জালালাবাদ সেনানিবাসে প্যারা কমান্ডো ব্রিগেড-এ অনুশীলনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের ডেপুটি কমান্ডিং জেনারেল মেজর জেনারেল অ্যাসকট এ উইন্টার। এই মহড়াটি বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড এবং ইউনাইটেড স্টেটস আর্মি প্যাসিফিক কমান্ডের নেভাডা ন্যাশনাল গার্ডের যৌথ তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে।

অনুশীলনটি মোট ৬ দিনের জন্য পরিচালিত হবে, যা আগামী ৩০ জুলাই পর্যন্ত চলবে।

আইএসপিআর আরও জানায়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা বিধান, সন্ত্রাস দমন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মানবিক সহায়তা ইত্যাদি বিষয়ে পারস্পরিক সহযোগিতা বিদ্যমান রয়েছে। বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগসহ যে কোনো বৈশ্বিক হুমকি মোকাবিলায় বদ্ধপরিকর এবং যুক্তরাষ্ট্রসহ অন্যান্য অংশীদারদের সঙ্গে সমবেতভাবে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, কৌশলগত যৌথ আভিযানিক সক্ষমতা উন্নয়ন এবং প্রস্তুতি জোরদার করার লক্ষ্যে ২০২৫ সালে টাইগার লাইটনিং অনুশীলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সেনাবাহিনী এয়ার ডিফেন্স পরিদপ্তরের পরিচালক, সামরিক প্রশিক্ষণ পরিদপ্তর এবং কমান্ডার, প্যারা কমান্ডো ব্রিগেড উপস্থিত ছিলেন।

এই অনুশীলন অংশগ্রহণকারী সেনাসদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়ণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও দৃঢ় করতে কার্যকরী অবদান রাখবে বলেও জানিয়েছে আইএসপিআর।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।