এশিয়া কাপে একই গ্রুপে ভারত ও পাকিস্তান

সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা। তবে এশিয়া কাপ নিয়ে পরিষ্কার কিছু জানাননি সংস্থাটির সভাপতি মহসিন নাকভি। তবে দ্রুত সবকিছু সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নাকভি জানিয়েছেন, এশিয়া কাপ নিয়ে এখনো কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে ভারতের সংবাদমাধ্যমগুলো দাবি করেছে, এশিয়া কাপের সূচি দ্রুত ঘোষণা করবে এ টুর্নামেন্টের আয়োজক বিসিসিআই। টাইমস অব ইন্ডিয়াকে সূত্র বলেছে, বিসিসিআই আগামী কয়েক দিনের মধ্যে টুর্নামেন্টের সূচি ঘোষণা করবে।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে এসিসির একটি সূত্র জানিয়েছে, এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। ভারতীয় দল তাদের সব ম্যাচ খেলবে দুবাইয়ে। যদিও সূচি ও ভেন্যু নিয়ে এখনও চূড়ান্ত আলোচনা চলছে। অন্যদিকে টাইমস অব ইন্ডিয়া, নিউজ ১৮ এবং ইন্ডিয়া টুডে জানিয়েছে, ৮ দলের এই টুর্নামেন্ট হবে টি-টোয়েন্টি সংস্করণে এবং ভারত-পাকিস্তান থাকবে একই গ্রুপে। এর মানে, অন্তত দুইবার মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী—গ্রুপ পর্বে একবার, আবার সুপার সিক্সে।

ফাইনালে উঠলে দেখা যেতে পারে তৃতীয়বারের মতো ভারত-পাকিস্তান দ্বৈরথ, যা সম্প্রচারকদের আরও বেশি আয়ের সুযোগ তৈরি করবে।। যদিও এখনই প্রশ্ন উঠছে, রাজনৈতিক উত্তেজনার মধ্যে দুই দল কি একে অপরের মুখোমুখি হতে রাজি হবে? বিশেষ করে সম্প্রতি লেজেন্ডস লিগে ভারত-পাকিস্তান ম্যাচটি শেষ মুহূর্তে বাতিল হয়ে যাওয়ার পর এমন সংশয় আরও ঘনীভূত হয়েছে।

তবে আশাবাদী হচ্ছে এসিসি ও বিসিসিআই। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, আগামী কয়েক দিনের মধ্যেই বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লা এবং পিসিবি প্রধান নাকভির মধ্যে বৈঠক হবে সূচি ও ভেন্যু চূড়ান্ত করতে। প্রাথমিকভাবে টুর্নামেন্টটি ৭ সেপ্টেম্বর শুরু করার প্রস্তাব দেওয়া হয়েছে।

গত এপ্রিল-মে মাসে পার্শ্ববর্তী দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির পর, এটি হবে প্রথমবারের মতো দুই দলের মাঠের লড়াই। বিসিসিআইয়ের একটি সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ‘ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের অনুমতির জন্য ভারতীয় সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে বিসিসিআই।’

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।