খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
গাইবান্ধার সুন্দরগঞ্জে সাবান ও স্নো না দেওয়ার কারণে বিয়ের অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। একপর্যায়ে বিয়ে না করেই ফিরে যেতে চাইলে বরযাত্রীদের আটকে রাখা হয়। পরে দিনভর সালিশি বৈঠকে সমাধানের মাধ্যমে বিয়ে সম্পন্ন হলেও বরপক্ষ দাবি করা উপহার থেকে বঞ্চিত হন।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে, সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের খামার পাঁচগাছি গ্রামে।
স্থানীয়দের তথ্যমতে, খানাবাড়ি এলাকার ইউনুস আলীর সঙ্গে খামার পাঁচগাছি গ্রামের আনারুল ইসলামের মেয়ের বিয়ে ঠিক হয়। অনুষ্ঠানের জন্য কনেপক্ষ ব্যাপক আয়োজন করে, রান্না করা হয় বিরিয়ানি, গরুর মাংস, মাছ ভাজা, ডিম ও পায়েস। বরকে দেওয়ার জন্য প্রস্তুত রাখা হয় একটি ডিসকভার মোটরসাইকেলও।
রাতের বেলায় বরপক্ষ এক হাজার টাকা গেট মানি দিয়ে বাড়িতে প্রবেশ করেন। বরপক্ষের নারীরা কনেপক্ষের কাছে কসমেটিকস উপহার পৌঁছে দেন। কিন্তু উপহারে সাবান, স্নো ও পাউডার না থাকায় ক্ষুব্ধ হন কনের আত্মীয়-স্বজনেরা। এই নিয়ে শুরু হয় দুই পক্ষের নারীদের মধ্যে তর্ক। পরে তা উত্তপ্ত রূপ নেয় এবং ঘটনার জেরে বিয়ে ভাঙার সিদ্ধান্ত নেন বরপক্ষ।
তবে বরপক্ষ বিয়ে না করেই ফিরে যেতে চাইলে কনেপক্ষ তাদের আটকে রাখে। পরে শুক্রবার (২৫ জুলাই) দিনভর সালিশি বৈঠকে বসে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।
ঘটক জানান, ‘সাবান-স্নো না থাকায় মেয়ের পক্ষ আপত্তি তোলে, তারা বলে এসব তো চাওয়া হয়নি, এখন নতুন করে কেন। বরপক্ষ বিয়ে ছাড়াই ফিরে যেতে চাইলে বাধা দেওয়া হয়।’
কনের খালু বলেন, ‘বরপক্ষ কসমেটিকসের উপহার নিয়ে অসদাচরণ করে। তাই তারা গাড়িতে উঠতে চাইলে আটকে রাখি।’
বরের বড় ভাই আবু সাঈদ অভিযোগ করে বলেন, ‘আমাদের আটকে রেখে পরে শর্তসাপেক্ষে বিয়েতে রাজি হয় মেয়ের পরিবার। তবে মোটরসাইকেলসহ আর কোনো উপহার তারা দেয়নি।’
ছাপড়হাটি ইউপি মেম্বার মো. মজনু মিয়া বলেন, ‘উভয় পক্ষের ভুল বোঝাবুঝি থেকেই এমন ঘটনা ঘটেছে। সালিশের মাধ্যমে মীমাংসা হয়েছে।’
সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল হক জানান, ‘ঘটনার মীমাংসা করে আমরা বিয়ে সম্পন্ন করেছি এবং খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেছি।’
স্থানীয়ভাবে অপ্রত্যাশিত এই ঘটনার পর অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। একই সঙ্গে, সামান্য কসমেটিকস পণ্যের জন্য একটি বিয়ে পণ্ড হওয়ার উপক্রম হওয়ায় সমাজে এমন বিষয় নিয়ে নতুন করে ভাবনারও অবকাশ তৈরি হয়েছে।
খবরওয়ালা/শরিফ