খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৭ জুলাই ২০২৫
ফরিদপুরে নিখোঁজ হওয়ার দুই দিন পর নদী থেকে রতন শেখ (৪২) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত আনুমানিক ১২টার দিকে একটি মোবাইল ফোনকল পাওয়ার পর তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর থেকে আর তার কোনো খোঁজ মেলেনি।
শনিবার (২৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুর শহরের টেপাখোলা নৌবন্দরের মদলখালী ঘাট এলাকার পদ্মা নদীতে ভেসে থাকা অবস্থায় রতনের মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রতন শেখ সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের চাটাম বাজার গ্রামের বাসিন্দা। তিনি মৃত নওয়াব আলী শেখের ছেলে এবং পেশায় একটি ছাগল ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, রতন শেখ নিখোঁজ হওয়ার ঘটনায় তার স্ত্রী শনিবার সকালে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। ওই রাতেই স্থানীয়রা নদীতে একটি মরদেহ ভেসে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা রতনের মৃত্যুকে পরিকল্পিত বলে দাবি করছেন।
খবরওয়ালা/টিএসএন