খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৭ জুলাই ২০২৫
আদালতের আদেশ অমান্য করে উচ্ছেদ অভিযান পরিচালনা করায় হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. আতাউর রহমানসহ চার কর্মকর্তাকে ১ মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
রবিবার (২৭ জুলাই) হবিগঞ্জের জ্যেষ্ঠ সহকারী জজ তারেক আজিজের আদালত এ রায় ঘোষণা করেন। এ সময় আদালতে দণ্ডপ্রাপ্ত কেউই উপস্থিত ছিলেন না।
সাজাপ্রাপ্ত অন্যরা হলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একেএম আমিনুল ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সফিউল আলম ও বানিয়াচংয়ের ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিকী।
মামলার সূত্রে জানা যায়, ২০০৭ সালের ২৫ ফেব্রুয়ারি হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার (খোয়াই মুখ) এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা (ডিক্রি) থাকা সত্ত্বেও ওই এলাকার আব্দুল আজিজের ছেলে আব্দুল হামিদের জায়গায় উচ্ছেদ অভিযান চালায় জেলা প্রশাসন। এতে তাঁর ঘর ভেঙে বেদখল করা হয়।
এ ঘটনায় আব্দুল হামিদ বাদী হয়ে ২০০৮ সালের ১০ আগস্ট হবিগঞ্জের তৎকালীন জেলা প্রশাসক আতাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ কে এম আমিনুল ইসলাম, বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) নুরে আলম সিদ্দিকী এবং সদরের সহকারী কমিশনার (ভূমি) সফিউল আলমসহ ১৪ জনের বিরুদ্ধে জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে মামলা করেন।
বিষয়টি নিশ্চিত করে আদালতের পেশকার সাইফুল ইসলাম জানান, ২০০৮ সালে একটি জমি আদালতের রায়ের পরও বাদীকে বুঝিয়ে না দেওয়ায় আব্দুল হামিদ নামের এক ব্যক্তি উল্লিখিত ব্যক্তিদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন। ওই মামলায় রবিবার আদালত আসামিদের ১ মাসের কারাদণ্ড প্রদান করেন।
বাদীপক্ষের আইনজীবী সুদীপ কান্তি বিশ্বাস জানান, ১৭ বছর পর রবিবার আদালত হবিগঞ্জের তৎকালীন জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, বানিয়াচংয়ের ইউএনও ও হবিগঞ্জের সহকারী কমিশনারকে (ভূমি) ১ মাস করে কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
পাশাপাশি বাদীকে তাঁর জমি বুঝিয়ে দেওয়ার জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। এ ব্যাপারে আগামী ২১ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন আদালত।
খবরওয়ালা/এসআর