খবরওয়ালা মফস্বল ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৭ জুলাই ২০২৫
গোপালগঞ্জ জেলা কারাগার থেকে হাতকড়াসহ বিভিন্ন সরঞ্জাম চুরির অভিযোগে আরিফ চৌধুরী নামে এক কারারক্ষীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৬ জুলাই) রাতে জেলা কারাগারের সহকারী জেলার সুমি ঘোষ বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় চুরির মামলা দায়ের করেন।
মামলার সূত্রে জানা যায়, ১৬ জুলাই ভোরে গোপালগঞ্জ জেলা কারাগারের কারারক্ষী আরিফ চৌধুরী চুরি করেন কিছু গুরুত্বপূর্ণ সরঞ্জাম। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চুরির বিষয়টি নিশ্চিত হয় কারাগার কর্তৃপক্ষ। এরপর তারা গোপালগঞ্জ সদর থানার পুলিশকে বিষয়টি জানায়।
শনিবার রাতে জেলা শহরের ইসলামপাড়ার ভাড়া বাসা থেকে আরিফকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে আট জোড়া হাতকড়া, ছয় জোড়া কাঁধের ব্যাজ, আটটি মনোগ্রাম, শীতের জ্যাকেটসহ মোট ১০ ধরনের চুরি করা সরঞ্জাম উদ্ধার করা হয়।
আরিফ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাড়াবাড়ি গ্রামের স্বপন চৌধুরীর ছেলে। রবিবার (২৭ জুলাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ও গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) নয়ন কুমার সাহা জানান, আরিফ জিজ্ঞাসাবাদে সরঞ্জাম চুরির কথা স্বীকার করেছে। তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
খবরওয়ালা/আরডি