খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই ২০২৫
গাজীপুরের কালিয়াকৈরে জুলাই আন্দোলনের সময় ইলিম হোসেন নামে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৪২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে।
রবিবার (২৭ জুলাই) রাতে কালিয়াকৈর থানায় মামলাটি দায়ের করেন আবু সাইদ রাজু নামের এক ব্যক্তি। তিনি কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকার বাসিন্দা এবং নিজেকে “জুলাই আন্দোলনের একজন সক্রিয় অংশগ্রহণকারী” হিসেবে পরিচয় দিয়েছেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলায় আরও অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে।
এজাহার অনুযায়ী, ২০২৩ সালের ৫ আগস্ট কালিয়াকৈর সফিপুরে আনসার ভিডিপি একাডেমির সামনে এক দফার কর্মসূচি নিয়ে ছাত্র-জনতা কমপ্লিট শাটডাউনের মাধ্যমে বিক্ষোভে অংশ নেয়। তখন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায় বলে অভিযোগ। ওই হামলায় গুলিবিদ্ধ হন ইলিম হোসেন (৪৩)। পরে তাঁকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়াই তাঁর মরদেহ দাফন করেন।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন—সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন, আওয়ামী লীগ নেতা মিজান হোসেন, রতনপুর মহল্লা আওয়ামী লীগের সভাপতি চান্দু মেম্বার, মৌচাক ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহসিন, সদস্য আবদুর রাজ্জাক, মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ছাত্রলীগ নেতা হাসান মৃধা, যুবলীগ সদস্য রফিকুল ইসলামসহ আরও অনেকে।
বাদী আবু সাইদ রাজু বলেন, ‘নিহত ইলিম হোসেন আমার সহযোদ্ধা ছিলেন। তাঁর পরিবার মামলা করতে চায়নি। আমি ওই হত্যাকাণ্ডের বিচার চাই, তাই মামলা করেছি।’
তিনি আরও জানান, ‘নিহত ব্যক্তির পরিবারসহ ছাত্র-জনতার আন্দোলনের নেতা-কর্মী ও স্থানীয় জনগণের সঙ্গে আলাপ-আলোচনা করে মামলা করতে দেরি হয়েছে।’
খবরওয়ালা/এসআই