কোটি টাকার স্বর্ণের কলস পাওয়ার প্রলোভনে পড়ে ভয়াবহ প্রতারণার শিকার হয়েছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়ার এক গৃহবধূ। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় প্রতারকের ফাঁদে পা দিয়ে তিনি হারিয়েছেন নগদ ৭ লাখ টাকা ও ৭ ভরি স্বর্ণালংকার। প্রতারণার শিকার নারী বর্তমানে মানসিকভাবে ভেঙে পড়েছেন, আর পরিবারটি পড়েছে চরম আর্থিক সংকটে।
ভুক্তভোগী মোসা. রাহিমা আক্তার (২৫), ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ নাগাইশ গ্রামের ব্যবসায়ী কামাল হোসেনের স্ত্রী।
থানায় দায়ের করা অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে অজ্ঞাত এক ব্যক্তি রাহিমাকে মোবাইল ফোনে জানায়, তাকে উপহার হিসেবে দেওয়া হবে ৭ কোটি টাকার স্বর্ণের কলস। তবে শর্ত হিসেবে দরকার দরবার শরীফে উৎসর্গ করার জন্য ছয় ভরি স্বর্ণ ও দুই লাখ টাকা।
সরল বিশ্বাসে রাহিমা এই প্রস্তাবে রাজি হয়ে নিজের থাকা তিন ভরি এবং ধার করে আনা আরও তিন ভরি স্বর্ণ নিয়ে যান নাগাইশ দরবার শরীফে। এরপর প্রতারকের আরেক নির্দেশে উপজেলা সদরের মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজ গেটে গিয়ে তাকে নগদ ৭ লাখ টাকাও বুঝিয়ে দেন। ওই টাকা তার স্বামী কামাল হোসেন জমিয়েছিলেন বাড়ির নির্মাণকাজের জন্য।
ঘটনার সন্ধ্যায় বাড়ি ফিরে স্বামী টাকা চাইলে সবকিছু ফাঁস হয়। জানা যায়, স্বর্ণের একটি অংশ রাহিমা ধার করেছিলেন বিয়ের অনুষ্ঠানে যাওয়ার অজুহাতে। পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের ছোট ছেলে মাকে বারবার সাবধান করলেও রাহিমা প্রতারকের ফাঁদে পড়ে যান।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খবরওয়ালা/টিএসএন



