খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ই জুলাই ২০২৫, ১০:৩ এএম
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন থামার কোনো লক্ষণ নেই। পূর্বাঞ্চলের পোকরভস্কে প্রতিরোধ অব্যাহত থাকলেও এবার পশ্চিম ইউক্রেনেও হামলা তীব্র করেছে মস্কো। রবিবার (২৭ জুলাই) রাতে দেশটির একটি সামরিক বিমানঘাঁটি লক্ষ্য করে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রুশ বাহিনী।
ইউক্রেনের বিমানবাহিনী জানায়, রাতভর রাশিয়া ৩২৪টি ড্রোন, চারটি ক্রুজ এবং তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। মূল লক্ষ্য ছিল খমেলনিতস্কি অঞ্চলের স্টারোকোস্তিয়ান্তিনিভ শহরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। ধারণা করা হচ্ছে, পশ্চিমা জোট থেকে সরবরাহকৃত এফ-১৬ যুদ্ধবিমানগুলো এই ঘাঁটিতেই রাখা হবে।
ইউক্রেন দাবি করেছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ৩০৯টি ড্রোন ও দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। এসব হামলায় কিয়েভসহ অন্তত আটজন আহত হন।
এদিকে, দোনেস্ক অঞ্চলের পোকরভস্ক শহরে রুশ অগ্রযাত্রা প্রতিরোধ করছে ইউক্রেনীয় সেনারা। শহরটি রক্ষায় ৯৩তম খলোদিনি ইয়ার যান্ত্রিক ব্রিগেড সক্রিয়ভাবে লড়াই চালিয়ে যাচ্ছে।
অন্যদিকে, সোমবার সকালে নর্ডউইন্ড এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৭৭ বিমান মস্কো থেকে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে অবতরণ করেছে। এক দশকেরও বেশি সময় পর এই প্রথম রাশিয়া-উত্তর কোরিয়ার মধ্যে বাণিজ্যিক ফ্লাইট চালু হলো।
বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধ নিয়ে উত্তর কোরিয়ার সমর্থনের বিনিময়ে রাশিয়া দেশটিকে প্রযুক্তি সহায়তা দিচ্ছে। বিমানবন্দরে ফুল দিয়ে রুশ যাত্রীদের বরণ করে নেয় উত্তর কোরিয়ার কর্মকর্তারা, যা দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের বার্তা দিচ্ছে।
খবরওয়ালা/টিএসএন
মন্তব্য