খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
নাটোরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে রডভর্তি দ্রুতগামী আরেকটি ট্রাকের ধাক্কায় আবু সাঈদ (১৮) নামে এক হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯জুলাই) গুরুদাসপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজা এলাকায় সকাল ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু সাঈদ রাজশাহীর কাশিয়াডাঙা থানার উত্তর বালিয়া গ্রামের এনামুল ড্রাইভারের ছেলে। গুরুতর আহত ট্রাকচালক নাসিম হোসেন (২৫) একই এলাকার টিটু ড্রাইভারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি রডভর্তি ট্রাকের হেলপার আবু সাঈদ নিজেই ট্রাকটি চালাচ্ছিলেন। পাশে বসে ছিলেন ড্রাইভার। কাছিকাটা টোলপ্লাজার পূর্ব পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে দ্রুতগতিতে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। আহত হন পাশে থাকা চালক নাসিম হোসেন। তবে দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে কেউ না থাকায় তাতে কেউ হতাহত হয়নি। দুর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় ৩০ মিনিট যান চলাচল ব্যাহত থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হক বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন, আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
খবরওয়ালা/এফএস