এনসিপি নেতার বাবার বিরুদ্ধে সরকারি জমি দখলচেষ্টার অভিযোগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের সংগঠক ও ঢাকা জেলার প্রধান সমন্বয়কারী মো. রাসেল আহমেদের বাবা মো. হাসেম মোল্লা ঢাকার দোহারে সরকারি জমি দখল করতে গিয়ে ব্যবসায়ীদের রোষানলে পড়েছেন।

শুক্রবার (১ আগস্ট) সকালে জয়পাড়া বাজারের কোটি টাকা মূল্যের সোয়া এক শতাংশ জায়গা বেড়া ও টিন দিয়ে দখল করার সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জয়পাড়া বাজার পরিচালনা কমিটির সভাপতি ও সম্পাদকসহ অন্যান্য সদস্যরা। সরকারি জমি দখলের কারণ জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে হাসেম মোল্লা বাজার কমিটিকে হুমকি দেন বলে অভিযোগ ওঠে। এতে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ব্যবসায়ীদের রোষানলে পড়ে চলে যেতে বাধ্য হন তিনি। পরে ব্যবসায়ীরা একত্রিত হয়ে বেড়া খুলে জমি দখলমুক্ত করেন।

জয়পাড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এসএম কুদ্দুস বলেন, ‘এনসিপির একজন কেন্দ্রীয় নেতার বাবা ক্ষমতার জোরে সরকারি জমি দখল করবে, সভাপতি হিসেবে আমি কোনোভাবে মেনে নিতে পারি না। তাই ব্যবসায়ীদের নিয়ে প্রতিবাদ করেছি।’ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আজিজসহ অন্যান্য সদস্যরাও বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

ব্যবসায়ীদের অভিযোগ, গত বছরের ৫ আগস্টের পর থেকে বাজারের সরকারি সম্পত্তির ওপর আবুল হাসেম মোল্লার চোখ পড়ে। এ নিয়ে তিনি দুই দফায় সরকারি জমি দখলের চেষ্টা চালান। অভিযুক্ত আবুল হাসেম মোল্লা দাবি করেন, জমিটি তিনি আর এস–এর রেকর্ডীয় মালিক নাসির, শাহিন ও তাঁর ভাইবোনদের কাছ থেকে কিনেছেন। তবে মালিকানার কোনো কাগজ তিনি দেখাতে পারেননি।

এ বিষয়ে এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক ও ঢাকা জেলার প্রধান সমন্বয়কারী মো. রাসেল আহমেদ বলেন, ব্যাপারটি তিনি অবগত নন। তবে তাঁর বাবার কোনো কাগজপত্র আছে কিনা, সেটা খোঁজ নিয়ে দেখবেন তিনি।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তানিয়া তাবাসসুম জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। তিনি বলেন, ‘যদি কেউ বলে থাকে এ জায়গাটি তার এবং এ বিষয়টি প্রশাসন জানে–তবে সে মিথ্যাচার করেছে। বিষয়টি সম্পর্কে জেনে অবশ্যই বিস্তারিত জানাব।’

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।