খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫
ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর অভিযোগ করেছেন, যারা একসময় মানুষের সামনে স্বপ্ন তুলে ধরেছিল, ৫ আগস্টের পর তারাই সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করেছে।
সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত ‘জুলাইয়ের প্রতিশ্রুতি : প্রত্যাশা বনাম বাস্তবতা’ শীর্ষক প্রবন্ধ লেখনি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নুর বলেন, ৩ আগস্টের ঘোষণার আগেই ফ্যাসিবাদ বনাম গণতন্ত্র—এই দুই মেরুতে বিভক্ত হয়ে গিয়েছিল পরিস্থিতি। মানুষ ভেবেছিল, এই স্বৈরশাসনের পতনের পর একটি নতুন রাজনৈতিক কাঠামো গড়ে উঠবে, যেখানে থাকবে নাগরিক মর্যাদা ও অধিকার। কিন্তু এখন দেখা যাচ্ছে, সেই আশার জায়গায় গভীর হতাশা।
তিনি বলেন, ১১ মাস পেরিয়ে গেলেও আন্দোলনের মূল প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন হয়নি। বরং যারা সেই প্রতিশ্রুতি দিয়েছিল, তারাই এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। জনগণ প্রতারিত ও হতাশ।
অভ্যুত্থানের নামে যারা নতুন প্ল্যাটফর্ম গড়েছে, তারা অনেকটা আওয়ামী লীগের মতো আচরণ করছে বলেও মন্তব্য করেন নুর। তিনি বলেন, আমরা দেখেছি, একদল মানুষ রাজনৈতিক পরিচয়ে জবাবদিহির ঊর্ধ্বে উঠে গেছে, প্রশাসনকে ব্যবহার করে দখলদারিতে নেমেছে। অভ্যুত্থানের পরে যারা ‘স্পিরিট’-এর কথা বলেছে, তারাও সেই একই পথে হাঁটছে।
ছাত্র অধিকার পরিষদ জাবি শাখার সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শাখার প্রতিষ্ঠাতা আহ্বায়ক শাকিল উজ্জামান, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হাসান, গণঅধিকার পরিষদের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ শওকত হোসেন এবং দুই শহীদ শিক্ষার্থীর বাবা মান্নান গাজী ও বুলবুল কবীর।
খবরওয়ালা/টিএসএন