রাজধানীতে জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে সারা দেশ থেকে ছাত্র-জনতাকে আনার জন্য সরকার আট জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে। এর অংশ হিসেবে ফরিদপুরের ভাঙ্গা রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে একটি বিশেষ ট্রেন ছেড়ে যায়। তবে সকাল সাড়ে ১১টার দিকে ট্রেনটি ছাড়ার সময় যাত্রীর সংখ্যা ছিল মাত্র ১৭ জন।
ছয় বগির এই ট্রেনে আসনসংখ্যা ছিল ৬৭৬। যাত্রীদের সঙ্গে রেলওয়ে পুলিশের পাঁচ সদস্যও ছিলেন।
ভাঙ্গা থেকে রওনা হওয়ার পর ট্রেনটির শিবচর, পদ্মা, মাওয়া ও শ্রীনগর স্টেশনে থেমে যাত্রী তোলার কথা ছিল। স্টেশন সূত্র জানায়, ট্রেনটি দুপুর ১টার দিকে ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছানোর কথা। একই দিন সন্ধ্যা ৭টার দিকে সেটি ঢাকার কমলাপুর থেকে ফিরে এসে রাত সাড়ে ৮টার মধ্যে ভাঙ্গা পৌঁছানোর কথা রয়েছে।
ভাঙ্গা রেলস্টেশনের স্টেশনমাস্টার জিল্লুর রহমান জানান, বিশেষ ট্রেনটি নির্ধারিত সময়েই ছেড়ে যায়। তবে কোনো সংগঠক বা ছাত্র প্রতিনিধি আগে থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ করেননি এবং তিনিও কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুন্সিগঞ্জের সাবেক মুখপাত্র অবন্তিকা দাশ জানান, শ্রীনগর স্টেশন থেকে ১০ জন ও মাওয়া স্টেশন থেকে ১৫ জন যাত্রী ওই ট্রেনে উঠেছেন।
খবরওয়ালা/এন



