খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট ২০২৫
মেহেরপুরের গাংনী থানার অদূরে ধানখোলা রোডে ককটেল ফাটিয়ে আতঙ্ক ছড়িয়ে ডাকাতি করেছে একদল দুর্বৃত্ত।
মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৯টার দিকে ৭-৮ জনের একটি ডাকাতদল তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পথচারীদের কাছ থেকে লক্ষাধিক টাকা লুট করে নেয়।
ঘটনার পরপরই গাংনী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ভুক্তভোগীদের মধ্যে মহিষাখোলা গ্রামের ইয়াসির আরাফাত জানান, তার কাছ থেকে ৭ হাজার টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা। একই গ্রামের আব্দুল হালিমের কাছ থেকে ৬০০ টাকা, শাহজামালের ৫ হাজার, রেজিয়া খাতুনের ৭০০, মিন্টুর ২ হাজার ৫০০ ও ৯ হাজার ৭০০ (দুই দফা), ধানখোলা গ্রামের মহব্বত আলীর ২ হাজার ২০০ এবং আড়পাড়া গ্রামের কুরসিয়া খাতুনের কাছ থেকে ২ হাজার ৫০০ টাকা লুট হয়।
এছাড়াও আরও অনেক পথচারীর কাছ থেকে নগদ অর্থ ছিনিয়ে নেয় ডাকাতদলটি।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ডাকাতদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশ তৎপরতা চালাচ্ছে।”
খবরওয়ালা/আশ