খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট ২০২৫
ভারতের সাবেক উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু সম্প্রতি মন্তব্য করেছেন, ‘ভারতের উন্নতি হজম করতে পারছে না যুক্তরাষ্ট্র।’ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক উত্তেজনা বাড়লেও ভারত তার কৌশলগত ও জাতীয় স্বার্থে আপস করবে না বলে তিনি স্পষ্ট করেছেন।
রবিবার (১০ আগস্ট) ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শনিবার চেন্নাইয়ে এম এস স্বামীনাথন শতবর্ষ আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অধিবেশনে নাইডু বলেন, ‘আমরা জ্বালানি নিরাপত্তা রক্ষা করব এবং কৌশলগত ও জাতীয় স্বার্থে দৃঢ় থাকব। হুমকির মুখে নত হওয়ার প্রশ্নই আসে না। হুমকি ভারতে কাজ করবে না।’
তিনি আরও জানান, ভারত এখন ‘নিজের পায়ে দাঁড়িয়ে’ এবং ‘শেয়ার অ্যান্ড কেয়ার’ দর্শনের ভিত্তিতে সহযোগিতায় অঙ্গীকারবদ্ধ।
নাইডুর এই মন্তব্য এমন এক সময়ে আসে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করেছেন এবং ভারতকে ‘মৃত অর্থনীতির’ দেশ বলে উল্লেখ করেছেন।
তিনি বলেন, ‘ভারত দ্রুত এগোচ্ছে এবং বিশ্বজুড়ে ‘স্বীকৃতি’ পাচ্ছে— যা কিছু দেশের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা আমাদের উন্নতি হজম করতে পারছে না। তাদের হজমে সমস্যা হচ্ছে।’
ভারত বর্তমানে বৈশ্বিক অর্থনীতিতে চতুর্থ থেকে তৃতীয় স্থানে উঠার পথে রয়েছে। নাইডু আশা প্রকাশ করেছেন, কৃষক, গবেষক ও তরুণদের অবদানে দেশ আরও উচ্চতায় পৌঁছাবে।
তিনি যুক্তরাষ্ট্রের ওপর প্রশ্ন তুলে বলেন, ‘মিত্র দেশ ভারতের ওপর বেছে বেছে শুল্ক আরোপ কতটা ন্যায্য, যখন যুক্তরাষ্ট্র এখনো রাশিয়া থেকে ইউরেনিয়াম ও সার আমদানি করে এবং ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল কিনে।’
নাইডু বলেন, ‘আমরা বন্ধু ছিলাম। আমরা সবসময় আমেরিকাকে শ্রদ্ধা করি, কারণ তারা প্রাচীনতম গণতন্ত্র আর আমরা বৃহত্তম গণতন্ত্র। আমরা একে অপরকে শ্রদ্ধা করি। কিন্তু কোনো উসকানি বা কারণ ছাড়াই ভারতের বিরুদ্ধে যা বলা হচ্ছে, তা সত্যিই দুর্ভাগ্যজনক।’
খবরওয়ালা/এসআই