খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট ২০২৫
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–সহ ১৬টি রাজনৈতিক দল নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক যাচাই–বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে। রবিবার (১০ আগস্ট) ইসি সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, মাঠপর্যায়ের যাচাই–বাছাই শেষে এসব দলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে নিবন্ধনের জন্য আবেদন করা এনসিপি–সহ ১৪৪টি দলের কোনোটিই প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হয়নি। ফলে সব দলকেই ঘাটতি পূরণের জন্য ১৫ দিনের সময় দিয়ে চিঠি পাঠায় ইসি।
গত ১৫ জুলাই ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জানান, প্রথম ধাপে ৬২টি দলকে এবং পরবর্তী ধাপে বাকি দলগুলোকে চিঠি দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্রের ত্রুটি–বিচ্যুতি পূরণ করার সুযোগ দেওয়া হয়।
এর আগে গত ২০ এপ্রিল পর্যন্ত নিবন্ধন–প্রত্যাশী দলগুলোকে আবেদন করতে গণবিজ্ঞপ্তি জারি করে ইসি। পরে আবেদন জমা দেওয়ার সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ানো হয়। ওই সময়ের মধ্যে ১৪৪টি দল থেকে ১৪৭টি আবেদন জমা পড়ে।
ইসির কর্মকর্তারা জানান, প্রাথমিক বাছাইয়ে কোন দলই প্রথমে উত্তীর্ণ না হওয়ায়, প্রথম ধাপে ৬২টি দল ও দ্বিতীয় ধাপে এনসিপি–সহ ৮২টি দলকে ঘাটতি পূরণের জন্য চিঠি পাঠানো হয়।
আইন অনুযায়ী, নিবন্ধনের জন্য দলের একটি কেন্দ্রীয় কমিটি, অন্তত এক–তৃতীয়াংশ জেলায় ও ১০০টি উপজেলায় কমিটি থাকতে হবে এবং প্রতিটি কমিটিতে ২০০ ভোটারের সমর্থনের প্রমাণ দিতে হবে। এছাড়া, দলের কেউ পূর্বে সংসদ সদস্য থাকলে বা আগের নির্বাচনে ৫ শতাংশ ভোট পেলে নিবন্ধন পাওয়ার যোগ্যতা অর্জন করে। প্রাথমিক বাছাইয়ে এসব শর্ত ও অন্যান্য নিয়ম–কানুনই যাচাই করা হয়।
খবরওয়ালা/এন