খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট ২০২৫
ফেনীর পরশুরাম সীমান্ত থেকে নুরুল ইসলাম (৬৩) নামে এক বৃদ্ধকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সোমবার (১১ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের উত্তর কেতরাঙ্গা সীমান্তে ২১৭৪ নম্বর পিলার সংলগ্ন এলাকা থেকে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।
স্থানীয় রবিউল হক জানান, নুরুল ইসলাম কৈয়ার কোনা গ্রামের সুলতান আহম্মদ ও হালিমা খাতুনের ছেলে। তার এক ছেলে ও তিন মেয়ে সন্তান রয়েছে। জীবিকার জন্য তিনি গ্রাম থেকে সবজি ক্রয় করে বাজারে বিক্রি করতেন।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, সকালে নুরুল ইসলাম সীমান্ত এলাকায় গেলে বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে তাকে ধরে নিয়ে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, তার শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে।
বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, `কোম্পানি কমান্ডার পর্যায়ে বিএসএফের সঙ্গে কথা হয়েছে। সোমবার বিকেলের মধ্যে তারা ওই ব্যক্তিকে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।’
খবরওয়ালা/এসআই