খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট ২০২৫
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন অভিযোগ করেছেন, সরকারে না গিয়েও এনসিপি সব সুযোগ-সুবিধা ভোগ করছে। তিনি বলেন, ‘এনসিপি সরকারে না গিয়েও তারা সব সুযোগ-সুবিধা নিচ্ছে, তারা রাষ্ট্রীয় প্রটোকল পাচ্ছে। বিভিন্ন অফিসে গিয়ে সুযোগ-সুবিধা পাচ্ছে। সব ব্যবসা-বাণিজ্য তারা নিয়ন্ত্রণ করছে।’
বুধবার (১৩ আগস্ট) বিকেলে মাদারীপুর পৌর কমিউনিটি সেন্টারে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন, ‘জাতীয় নির্বাচনের আগে এনসিপি সংস্কারের কথা বলছে, কিন্তু এমন সংস্কারের ৩১ দফা দাবি বিএনপির পক্ষ থেকে আগেই তোলা হয়েছে। এই ৩১ দফার দাবির মধ্যেই সবধরনের সংস্কার রয়েছে। বিএনপির নেতাকর্মীরা বিগত ১৬ বছর নির্বাচন ও গণতান্ত্রিক সরকারের জন্য সংগ্রাম ও লড়াই করেছে।
খোকন বলেন, অনির্বাচিত সরকারের হাতে দেশ ও জাতি নিরাপদ নয়। এই দেশের মালিক এ দেশের জনগণ। তাই জনগণের সরকার প্রতিষ্ঠা হওয়া না পর্যন্ত সবাইকে সতর্ক থাকতে হবে। অনেক ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু হয়েছে। বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে বিএনপি আগামী জনগণের ভোটে সরকার গঠন করবে।’
আগামী ডাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামী ৯ সেপ্টেম্বরে ডাকসু নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। কিন্তু নিজেদের স্বার্থের জন্য এনসিপি এ নির্বাচনকে কেন্দ্র করে হলে রাজনীতি বন্ধ করেছে।’
খবরওয়ালা/এসআই