খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 1শে ভাদ্র ১৪৩২ | ১৬ই আগস্ট ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
ফেনীতে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ দুই ছাত্রদল নেতাকে আটক করা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাতে সদর উপজেলার ফাজিলপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ইমাম হোসেন (৩২) এবং ফেনী সদর উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক মুরাদ হোসেন (৩০)।
যৌথবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটকদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন বলেন, ‘বিষয়টি এখনো অবগত না। এটি কোনো ষড়যন্ত্র কিনা তা আমরা খোঁজখবর নিচ্ছি। তবে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকলে সাংগঠনিক বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, ‘দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’
খবরওয়ালা/এসআই