খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট ২০২৫
নাটোরের সিংড়ায় শরিফুল ইসলাম (৩০) নামে এক মাদকাসক্ত যুবক বাবার ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত বাবা শহিদুল ইসলাম পলাতক রয়েছেন।
শনিবার (১৬ আগস্ট) রাতে উপজেলার চামারি ইউনিয়নের মহিষমারী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, নিহত শরিফুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদকের কারণে পরিবারে কলহ চলছিল। তিনি প্রায়ই মাদক কেনার টাকা চেয়ে মা-বাবার সঙ্গে দুর্ব্যবহার করতেন। শনিবার বিকেল থেকে বাবার সঙ্গে তার তুমুল বাকবিতণ্ডা শুরু হয়, যা রাত পর্যন্ত চলতে থাকে। এক পর্যায়ে রাগের বশে বাবা শহিদুল ইসলাম বড় হাসুয়া দিয়ে ছেলের ঘাড়ে আঘাত করলে ঘটনাস্থলেই শরিফুলের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা সেলিম খান জানান, শরিফুল প্রায়ই টাকার জন্য পরিবারের সঙ্গে ঝামেলা করতেন। এ নিয়ে একাধিকবার সালিশ হলেও সমাধান হয়নি।
সিংড়া থানার ওসি মমিনুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর থেকে শহিদুল পলাতক রয়েছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
খবরওয়ালা/টিএসএন