খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট ২০২৫
ভুটানের থিম্পুতে আজ (বুধবার) শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচেই বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভুটান। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে দুই দল।
চার দল অংশ নিচ্ছে এই আসরে। প্রতিটি দল একে অপরের বিপক্ষে দু’বার করে খেলবে। সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহকারী দলই হবে চ্যাম্পিয়ন।
বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস সংবাদ সম্মেলনে জানান, ‘আমাদের দল মাত্র দেড় মাস আগে গঠিত। সবাই কঠোর অনুশীলন করেছে। আমরা ম্যাচ ধরে ধরে ভালো খেলার চেষ্টা করব। প্রতিটি ম্যাচ থেকে শেখার আছে, পরের ম্যাচে সেই অভিজ্ঞতা কাজে লাগাব।’
দলের প্রস্তুতি নিয়ে হেড কোচ মাহবুবুর রহমান লিটু বলেন, ‘গত দেড় মাস আমরা নিয়মিত প্র্যাকটিস করেছি। মেয়েরা দিন দিন উন্নতি করছে। অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৭ স্তর শেখার জায়গা। এখান থেকে মেয়েরা অনেক কিছু শিখবে।’
তিনি আরও যোগ করেন, ‘বাংলাদেশ নারী ফুটবল ক্রমেই এগোচ্ছে। এই দলেও শেখার অনেক সুযোগ আছে। আক্রমণভাগ আমাদের শক্তির জায়গা। এখানে গতবারের সেটআপ বজায় আছে। আশা করি মেয়েরা ভালো করবে।’
ভুটানে বর্তমানে লিগ খেলছেন বাংলাদেশের ১৫ জন ফুটবলার। এ বিষয়ে লিটু বলেন, ‘এটা অবশ্যই গর্বের বিষয় যে প্রথমবারের মতো আমাদের একসঙ্গে ১০-১২ জন খেলোয়াড় ভুটানে খেলছে। তারা ভালো করছে, গোল করছে। এই অভিজ্ঞতা ভবিষ্যতে এশিয়ান কাপে কাজে লাগবে।’
অন্যদিকে ভুটানের কোচ লবজাং দর্জি ঘরের মাঠের সুবিধার কথাই মনে করিয়ে দিলেন, ‘আমাদের দর্শকদের সমর্থন সবসময় দলকে বাড়তি অনুপ্রেরণা দেয়। ঘরের মাঠে আমরা সবসময়ই ভালো খেলি।’
খবরওয়ালা/এমএজেড