ফেসবুকে ‘আল্লাহ হাফেজ বাংলাদেশ’ লিখে বিদেশযাত্রা, দুই দিন পর মৃত্যু

‘আল্লাহ হাফেজ বাংলাদেশ’—এই বাক্যটাই ছিল নোয়াখালীর চাটখিলের পরাণ কাজীর শেষ ফেসবুক স্ট্যাটাস। নতুন জীবনের আশায় মাত্র দুদিন আগে রোমানিয়ায় পাড়ি জমান তিনি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সেখানে পৌঁছানোর পরপরই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার।

গতকাল রবিবার (২৪ আগস্ট) রোমানিয়ায় পরাণ কাজীর মৃত্যু হয়। সোমবার সকালে খবরটি নিশ্চিত করেন চাটখিল উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. হারুন অর রশিদ বাহার।

পরাণ কাজী উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের কাজী বাড়ির মৃত আব্দুল মান্নানের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে পরিবারে অভাব-অনটন চলছিল। সেই চাপ সামলাতে এবং ভালো জীবনের আশায় গত ২২ আগস্ট রোমানিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়েন তিনি। কিন্তু গন্তব্যে পৌঁছানোর মাত্র দুই দিনের মাথায়ই মৃত্যু হলো তার। দেশ ছাড়ার আগে ফেসবুকে দেওয়া স্ট্যাটাস—‘আল্লাহ হাফেজ বাংলাদেশ’—এখন যেন হয়ে উঠেছে তার চিরবিদায়ের প্রতীক।

মর্মান্তিক এ ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ভেঙে পড়েছেন স্ত্রী-সন্তানসহ স্বজনরা। প্রতিবেশীরাও শোকাহত।

স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম বলেন, ‘পরাণ ভাই অনেক শান্ত স্বভাবের মানুষ ছিলেন। পরিবার সামলাতে বিদেশে গিয়েছিলেন। কিন্তু দুদিনের মাথায় তার মৃত্যু মেনে নেওয়া আমাদের জন্য ভীষণ কষ্টকর।’

রামনারায়নপুর ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, ‘তার বাবা আমাদের এলাকার সাবেক কাজী ছিলেন। পরাণের এমন অসময়ে চলে যাওয়া আমাদের চোখে জল এনে দিয়েছে। মরদেহ দেশে আনতে তার পরিবার সরকারের সহযোগিতা কামনা করছে।’

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।