খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট ২০২৫
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহকে উদ্দেশ করে দেওয়া ‘ফকিন্নির বাচ্চা’ মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন বিএনপির সহআন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও একাদশ জাতীয় সংসদের সাবেক সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, ‘আমার ব্যবহৃত “ফকিন্নির বাচ্চা” শব্দগুচ্ছ কোনো ব্যক্তির আর্থিক অবস্থা বোঝায় না। বরং এটি একটি মানসিকতা বা চিন্তাধারাকে নির্দেশ করে। এ ব্যাপারটা একটা মাইন্ডসেট। এর মানে এই নয়, কেউ গরিব, বরং চিন্তাভাবনায় নীচু মানসিকতার বহিঃপ্রকাশ।’
তিনি আরও অভিযোগ করেন, এনসিপির যুগ্ম সদস্য সচিব হুমায়রা নূর এবং হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিক বক্তব্যে যে ভাষা ব্যবহার করছেন, তা নিম্নমানের এবং সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। রুমিনের ভাষায়, ‘তারা যে ভাষায় স্লোগান দেয় বা প্রতিপক্ষকে আক্রমণ করে, সেটি বস্তির ভাষার সঙ্গে মিলে যায়।’
প্রসঙ্গত, গত রোববার (২৪ আগস্ট) এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এক বক্তব্যে রুমিন ফারহানাকে ‘বিএনপির আওয়ামী লীগবিষয়ক সম্পাদক’ বলে উল্লেখ করেন। তার জবাবে সোমবার (২৫ আগস্ট) রুমিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কড়া প্রতিক্রিয়া জানান এবং হাসনাতের ছাত্রলীগ-সংশ্লিষ্ট কিছু ছবি ও স্ক্রিনশট প্রকাশ করেন।
খবরওয়ালা/শরিফ