খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট ২০২৫
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখায় হিজাব পরা নিয়ে বিতর্কের জেরে এক শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। নবম ও দশম শ্রেণির একদল শিক্ষার্থী বুধবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করে বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, ফজিলাতুন নাহার নামে ওই শিক্ষিকার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। তারা বলেন, তিনি কেবল ড্রেসকোড মেনে চলতে বলেছেন, কিন্তু হিজাব পরতে নিষেধ করেননি কিংবা কাউকে ক্লাস থেকে বের করে দেননি।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান তোলে— ‘মিথ্যা অভিযোগ মুছে দাও, শিক্ষকের ন্যায় ফিরিয়ে দাও’, ‘জাস্টিজ ফর নাহার আপা’, ‘শিক্ষকের ন্যায়বিচার চাই, সত্যের কোনো বিকল্প নেই’ ইত্যাদি।
দশম শ্রেণির শিক্ষার্থী মেহের আফরোজ কনক বলেন, ‘আমাদের শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। তিনি ছাত্রীদের ড্রেসকোড মানতে বলেছিলেন। তাই তার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে।’
নবম শ্রেণির শিক্ষার্থী রোকাইয়া বিনতে মাজহার বলেন, ‘আমাদের আপা হিজাব পরতে নিষেধ করেননি, তিনি সঠিকভাবে হিজাব পরতে বলেছিলেন। প্যানেল শিক্ষার্থীরা যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছিল, তারা শেষ পিরিয়ডে ওই ক্লাসে গেলে আপা তাদের বলেছিলেন, বাইরে গিয়ে বিষয়টি মিটিয়ে নিতে। প্যানেল ছাত্রীরা ড্রেসকোড না মানা ছাত্রীদের বাইরে নিয়ে ৮-১০ মিনিট কথা বলেন। আমরা আপার পুনর্বহাল চাই।’
অভিযোগ প্রসঙ্গে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম বলেন, ‘অভিযোগ ওঠায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেটা অ্যাডহক কমিটির সভায় সর্বসম্মত সিদ্ধান্তে। তদন্ত শেষে যে প্রতিবেদন আসবে, সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেবো।’
খবরওয়ালা/শরিফ