খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোটসহ সানজিদা আক্তার তন্নী (২৬) ও সাদ্দাম হোসেন (২৮) নামের দুইজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১ হাজার টাকার ৪০০টি জাল নোট উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে আশুলিয়া থানার এসআই জসিম উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল বুধবার (২৭ আগস্ট) রাতে আশুলিয়ার আমবাগান এলাকার মিজানুর রহমানের বাড়ি পঞ্চম তলা ভাড়া বাড়ির চতুর্থ তলার একটি ফ্ল্যাট থেকে তাদের আটক করা হয়।
আটক তন্নী আশুলিয়া থানার নিরিবিলি মুক্তধারা হাউজিং সোসাইটি এলাকার মৃত আব্দুল জলিলের মেয়ে ও সাদ্দাম ডেন্ডাবর নতুন পাড়া এলাকার জাফর খানের ছেলে।
থানা পুলিশ জানায়, গতকাল বুধবার রাতে দায়িত্বরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, আশুলিয়ার আমবাগান এলাকার একটি ভাড়া বাসায় জাল টাকার কারবারি বিপুল পরিমাণ জাল টাকার নোট নিয়ে অবস্থান করছে। পরে রাত ৮টার দিকে ওই এলাকার মিজানুর রহমানের পঞ্চম তলা বাড়ির চতুর্থ তলায় অভিযান চালিয়ে ভাড়াটিয়া সানজিদার বাসা থেকে ১ হাজার টাকার ৪০০টি জাল নোট উদ্ধার করা হয়। এসময় ওই বাসার ভাড়াটিয়া সানজিদাসহ দুজনকে আটক করা হয়।
দীর্ঘদিন যাবৎ এই চক্র জাল নোটের ব্যবসা করে আসছে। তারা আশুলিয়া এলাকায় ভাড়ায় বসবাস করে এ ব্যবসা চালাচ্ছিল।
খবরওয়ালা/এফএস