খুলনার রূপসা নদীর খান জাহান আলী (রূপসা) সেতুর নিচ থেকে ওয়াহেদ-উজ-জামান বুলু (৬০) নামে এক সিনিয়র সাংবাদিকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
রবিবার (৩১ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
বুলু দৈনিক সংবাদ প্রতিদিন’র সিনিয়র স্টাফ রিপোর্টার ছিলেন। তিনি খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সক্রিয় সদস্য হিসেবেও যুক্ত ছিলেন।
নৌ পুলিশের রূপসা ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের জানান, স্থানীয়রা সেতুর ২ নম্বর পিলারের কাছে নদীতে মরদেহ ভাসতে দেখে খবর দেয়। প্রথমে লবণচরা ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নৌ পুলিশকে জানালে তারা গিয়ে মরদেহ উদ্ধার করে। জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়।
পুলিশ জানায়, নিহতের ডান হাত ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন ছিল, যা সন্দেহজনক বলে মনে করা হচ্ছে। তার পরনে ছিল নীল গ্যাবার্ডিন প্যান্ট ও আকাশি রঙের টি-শার্ট।
ঘটনার পর পিবিআই, সিআইডি, র্যাব, কোস্টগার্ড ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেন। তবে মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।
মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
খবরওয়ালা/আশ



