খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
রাজশাহীর বাঘায় ব্যাগে তল্লাশি চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলিসহ নয়ন হোসেন (১৬) নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ।
সোমবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চকছাতারী এলাকার পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, সোমবার সকাল ১১টার দিকে রাজশাহী-ঈশ্বরদী মহাসড়কের চকছাতারী এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে পুলিশ। একপর্যায়ে সকাল ১১টার দিকে ওই সড়ক দিয়ে বরফ জমানো মাছের ব্যাগ নিয়ে চারঘাটের দিকে যাচ্ছিল নয়ন। এ সময় তার মাছের ব্যাগে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তল্লাশি চলাকালে দৌঁড়ে পালানোর চেষ্টা করে নয়ন, পরে তাকে আটক করা হয়।
বাঘা থানার ওসি আ.ফ. ম. আসাদুজ্জামান জানান, নয়নকে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে। উদ্ধার হওয়া অস্ত্র-গুলির উৎস জানতে কাজ করছে পুলিশ। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
খবরওয়ালা/এমইউ