খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
কুমিল্লার মনোহরগঞ্জে অটোরিকশার ভাড়া নিয়ে দ্বন্দ্বে বুকে রড ঢুকিয়ে ফরহাদ হোসেন (২০) নামের এক রাজমিস্ত্রিকে খুন করা হয়েছে। পরে উত্তেজিত জনতা অভিযুক্ত মাহফুজ আলম (২০)কে আটক করে পুলিশে সোপর্দ করে।
সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার লক্ষণপুর বাজারে এ ঘটনা ঘটেছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে।
নিহত ফরহাদ হোসেন উপজেলার লক্ষণপুর ইউনিয়নের বানঘর গ্রামের মিজানুর রহমানের ছেলে। আর অভিযুক্ত মাহফুজ আলম (২০) সাইকচাইল গ্রামের রবিউল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় কাজ শেষে অটোরিকশায় করে রাজমিস্ত্রি ফরহাদ ও মাহফুজ লক্ষণপুর বাজারে পৌঁছান। এ সময় ভাড়া দেওয়া নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মাহফুজ উত্তেজিত হয়ে ফরহাদের বুকে রড ঢুকিয়ে দেয়।
এতে ফরহাদ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে উত্তেজিত জনতা অভিযুক্ত মাহফুজকে আটক করে পুলিশে সোপর্দ করে।
বিষয়টি নিশ্চিত করে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, খবর পেয়ে নিহতের মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) সকালে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
খবরওয়ালা/এমইউ