খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 18শে ভাদ্র ১৪৩২ | ২ই সেপ্টেম্বর ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
নগরবাসীর উদ্দেশে সতর্কবার্তা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সরকার নির্ধারিত ফির বাইরে কোনো আর্থিক লেনদেন না করার জন্য এ সতর্কবার্তা জানানো হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএনসিসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জন্ম নিবন্ধন, ট্রেড লাইসেন্স, জনবল নিয়োগ, দোকান বরাদ্দ, টেন্ডার কার্যক্রমসহ সকল সেবা প্রদান নিয়ম ও পদ্ধতি মোতাবেক সম্পন্ন করা হয়। এসব ক্ষেত্রে ব্যক্তিগত হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। তাই কোনো কর্মকর্তা, কর্মচারী বা দালালচক্রের সঙ্গে কোনো প্রকার আর্থিক লেনদেন করা যাবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের আর্থিক লেনদেন করলে উভয়পক্ষকেই আইনের আওতায় আনা হবে। পাশাপাশি কোনো কর্মকর্তা, কর্মচারী বা দালালচক্র যদি সেবার বিনিময়ে অর্থ দাবি করে তবে তাদের আইন প্রয়োগকারী সংস্থার কাছে সোপর্দ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
খবরওয়ালা/টিএসএন