খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
কুমিল্লার তিতাস উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সাড়ে তিন বছর পর মো. খোকন অবশেষে মেম্বার হিসেবে শপথ নিলেন। গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমাইয়া মমিন তার কার্যালয়ে খোকনকে শপথ বাক্য পাঠ করান।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনাও উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, ২০২১ সালের ১১ নভেম্বর জগতপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওই নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডে মো. নুরুল ইসলাম ৩০১ ভোট পেয়ে বিজয়ী হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. খোকন পান ২৯৭ ভোট। নির্বাচনে কারচুপির অভিযোগ এনে খোকন ওই বছরই নির্বাচন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন।
দীর্ঘ শুনানি শেষে প্রায় দুই বছর পর ভোট পুনর্গণনা করা হলে দেখা যায়, খোকন ২৯৭ ভোট এবং নুরুল ইসলাম ২৯৬ ভোট পেয়েছেন। এরপর গত বছরের ৩০ ডিসেম্বর সংশোধনী গেজেট প্রকাশিত হয়। তবে নুরুল ইসলাম আপিল করলে বিষয়টি হাইকোর্ট পর্যন্ত গড়ায়। সর্বশেষ হাইকোর্টও নির্বাচন ট্রাইব্যুনালের রায় বহাল রাখে। এরই প্রেক্ষিতে বুধবার আনুষ্ঠানিকভাবে খোকনকে শপথ করানো হয়।
শপথ নেওয়ার পর মো. খোকন বলেন, ‘তখন আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হারানো হয়েছিল। দীর্ঘ ভোগান্তির পর অবশেষে সত্যের জয় হয়েছে। আমি আমার দায়িত্ব পালনে সবার সহযোগিতা চাই।’
খবরওয়ালা/টিএসএন