খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নজরুল ইসলাম (২৫) নামের এক যুবক ধুমধামে বিয়ে করে নববধূ মোরশেদা আক্তার (২০) কে বাড়িতে নিয়ে আসেন। বিয়ের রাতেই বাসরঘরে অবস্থান করার সময় মোরশেদা ব্লেড দিয়ে নজরুলের গোপনাঙ্গ কেটে দেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা যায়, ঘটনাটি ঘটে শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পাইকা গ্রামে।
স্থানীয়রা জানান, ময়নুল শেখ ওরফে কুরালু শেখের ছেলে নজরুল ইসলাম পার্শ্ববর্তী মাঠেরহাট রাজনগর গ্রামের আইয়ুব আলী প্রধানের মেয়ে মোরশেদা আক্তারকে সামাজিকভাবে বিয়ে করেন। এরপর রাতেই আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে নববধূকে বাড়িতে তোলেন।
সেখানে সাজানো বাসরঘরে অবস্থান করার সময় মোরশেদা ধারালো ব্লেড দিয়ে নজরুলের পুরুষাঙ্গ কেটে দেন। নজরুলের আর্তচিৎকারে স্বজনরা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের সদস্য আতোয়ার রহমান বলেন, ‘বিয়ের রাতেই বাসর ঘরে নববধূ তার স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছে। এমন ঘটনা খুবই হৃদয়বিদারক।’
সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ তাজউদ্দিন খন্দকার সাংবাদিকদের জানান, ‘বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
খবরওয়ালা/শরিফ