পঞ্চগড়ে ভাতিজার হাতে প্রাণ গেল মুক্তিযোদ্ধা নাজিমের

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় নলকূপের পানি যাওয়ার নালা নিয়ে চাচা-ভাতিজার কথা-কাটাকাটির এক পর্যায়ে ভাতিজার ধাক্কায় পড়ে গিয়ে চাচা বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিনের (৮০) মৃত্যু হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ধামোর ইউনিয়নের গিরাগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

নাজিম উদ্দিনের ভাতিজা শাহ আলম (৪২) একই এলাকায় পাশাপাশি বাড়িতে থাকেন।

পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহিরুল ইসলাম জানান, নলকূপের নালা ভাতিজার বাড়ির উঠান ঘেঁষে যাওয়াকে কেন্দ্র করে আগে থেকেই তাঁদের বিরোধ ছিল। আজ দুপুরে কথা-কাটাকাটির এক পর্যায়ে শাহ আলম চাচাকে ধাক্কা দিলে তিনি পড়ে যান। নাজিম উদ্দিনের স্ত্রী হামিদা বেগম তাঁকে ঘরে নেওয়ার কিছুক্ষণ পরই তাঁর মৃত্যু হয়। এরপর ভাতিজা শাহ আলম পালিয়ে যান।

খবর পেয়ে বিকেলে আটোয়ারী থানার পুলিশ নাজিমের লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম সরকার বলেন, প্রাথমিক সুরতহালে নাজিম উদ্দিনের শরীরে আঘাতের চিহ্ন মেলেনি। ধারণা করা হচ্ছে, স্ট্রোক করে তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।