খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক ব্যবসায়ীকে অস্ত্রসহ আটকের সময় স্থানীয়দের ক্ষোভের মুখে পড়ে বিপাকে পড়ে র্যাবের একটি দল। এ সময় উত্তেজিত এলাকাবাসী র্যাব সদস্যদের ঘেরাও করে অবরুদ্ধ করে রাখেন। প্রায় তিন ঘণ্টা পর সেনাবাহিনীর সদস্যরা এসে তাঁদের উদ্ধার করেন। ঘটনাটি ঘটে রোববার বিকেলে শ্রীপুরের বরমী ইউনিয়নের বরামা চৌরাস্তা এলাকায়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিকেল সোয়া পাঁচটার দিকে র্যাবের একটি গাড়ি বরামা চৌরাস্তায় এসে একটি ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজে অভিযান চালায়। সেখানে দোকান মালিক মোশারফ হোসেনকে (৪০) আগ্নেয়াস্ত্রসহ আটক করে র্যাব। তবে তাঁর পরিবার ও এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে জড়ো হয়ে দাবি করেন, মোশারফকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে। এ সময় শতাধিক মানুষ সড়কে বাঁশ ও কাঠ ফেলে প্রতিবন্ধকতা তৈরি করে র্যাব সদস্যদের অবরুদ্ধ করে রাখেন। একপর্যায়ে উত্তেজিত জনতা মোশারফকে র্যাবের হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী বরমী গ্রামের বাসিন্দা ওমর ফারুক জানান, র্যাবের দুটি থেকে তিনটি গাড়ি দীর্ঘ সময় ধরে স্থানীয়দের অবরোধে আটকে ছিল। মোশারফকে আটকের পরপরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাজীপুরের সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মিরাজুল ইসলাম জানান, র্যাবের সদস্যরা আসামি ধরতে গিয়ে আটকা পড়েছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে র্যাব সদস্যদের উদ্ধার করেন এবং পরিস্থিতি শান্ত হয়।
খবরওয়ালা/এমএজেড