খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় বালুবোঝাই ডাম্পার ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বিওসির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
ওই মোটরসাইকেল আরোহীর নাম মো. সম্রাট (২২)। উপজেলার নলুয়া ইউনিয়নের পূর্ব নলুয়া গ্রামের আবু তাহেরের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বিওসির মোড় দোহাজারী বিদ্যুৎ সরবরাহ অফিসের সামনে কক্সবাজারগামী বালুবোঝাই ডাম্পার ট্রাকের সঙ্গে চট্টগ্রামগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মো. সম্রাট রাস্তার পাশে ছিটকে পড়ে যান। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দোহাজারী ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দোহাজারী ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক টিপু মজুমদার জানান, হাসপাতালে আনার আগেই সম্রাটের মৃত্যু হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত ডাম্পার ট্রাক ও মোটরসাইকেল থানায় আনা হয়েছে। ডাম্পার ট্রাকের চালক পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
খবরওয়ালা/এমইউ