খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হলেও, প্রায় পৌনে দুই ঘণ্টা পর সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে বৃষ্টি শুরু হয়। এর কিছুক্ষণের মধ্যেই বেশ কয়েকটি আবাসিক হলে বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎ না থাকায় অন্ধকারাচ্ছন্ন পরিবেশে চার্জার লাইট ব্যবহার করে ভোটগ্রহণ কার্যক্রম চালানো হয়।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মওলানা ভাসানী হল, শহীদ রফিক-জব্বার হল, বিশ্ববিদ্যালয়ের ১০ নম্বর ছাত্র হল, ফজিলতুন্নেছা হল, আ ফ ম কামালউদ্দিন হল, প্রীতিলতা হল, বীর প্রতীক তারামন বিবি হলসহ কয়েকটি ছাত্রাবাসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল।
তবে শহীদ তাজউদ্দীন আহমদ হল এবং শেখ রাসেল হলসহ কিছু আবাসিক হলে জেনারেটর ব্যবহার করে ভোটগ্রহণ কার্যক্রম অব্যাহত রাখা হয়।
ফজিলতুন্নেসা হলের একজন শিক্ষার্থী শোয়াইবা রাহি জানান, ‘আমাদের হলে ভোট হচ্ছে নিচের তলায় আন্ডারগ্রাউন্ডে। বিদ্যুৎ না থাকায় সেখানে বেশ অন্ধকার ছিল।’
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ১০ নম্বর ছাত্র হলের প্রাধ্যক্ষ রেজাউল রকিব বলেন, “আমরা বিকল্প হিসেবে চার্জার লাইট ব্যবহার করে আলোর ব্যবস্থা করেছি।”
খবরওয়ালা/টিএসএন