খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
পটুয়াখালীর বাউফল উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ে বুদ্ধি প্রতিবন্ধী এক শিশু শিক্ষার্থীকে (৮) যৌন হয়রানির অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্ত ব্যক্তি এবং ভুক্তভোগী শিশু উভয়ই নওমালা ইউনিয়নের বাসিন্দা।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ভুক্তভোগী শিশুর পরিবার বাউফল থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ ঘটনাস্থলে তদন্ত শুরু করে।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ওই শিশু গত মঙ্গলবার সকালে স্কুলে পৌঁছানোর পর হয়রানির শিকার হয়। শিশুর মা ও চাচার অভিযোগ, স্কুলে যাওয়ার পথে স্থানীয় অটোরিকশা চালক কালু (৩৮) শিশুটির পিছু নেন।
শ্রেণিকক্ষে শিশু একা থাকার সুযোগে কালু তাকে যৌন হয়রানি করেন এবং নিজের গোপনাঙ্গে হাত দিতে বাধ্য করেন। শিশুটি ভয়ে চিৎকার শুরু করলে কালু পালিয়ে যান। ঘটনার পর শিশু ক্লাস না করে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে মাকে সব জানায়।
শিশুর মা জানান, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ঘটনাটি মীমাংসার আশ্বাস দিয়েছিলেন, কিন্তু দুই দিন পেরিয়ে গেলেও কোনো বিচার না হওয়ায় তিনি থানায় অভিযোগ করেন।
তিনি আরও বলেন, এনজিওতে সহকারী হিসেবে কাজ করে সামান্য আয় দিয়ে সংসার ও মেয়ের লেখাপড়ার খরচ চালান। তিনি এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে অভিযুক্ত কালুর কঠোর শাস্তি দাবি করেন।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আক্তারুজ্জামান সরকার বলেন, সরেজমিন তদন্ত শুরু করেছে থানা পুলিশের একজন উপপরিদর্শক। তদন্ত কাজ শেষ করে, পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
খবরওয়ালা/শরিফ