আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপে টিকে রইল বাংলাদেশ

দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল বাংলাদেশের। এশিয়া কাপে টিকে থাকতে হলে জিততেই হবে—এমন বাঁচা-মরার ম্যাচে ‘আহত টাইগাররা’ শেষ পর্যন্ত লড়াই করে আফগানিস্তানকে ৮ রানে হারিয়েছে। 

এখন শেষ চারে ওঠার স্বপ্ন টিকিয়ে রাখতে শ্রীলঙ্কার দিকে তাকিয়ে থাকতে হবে লিটনদের।

‘বি’ গ্রুপের শেষ ম্যাচে যদি শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারায়, তবে রানার্সআপ হয়ে সুপার ফোরে জায়গা পাবে বাংলাদেশ। আর যদি আফগানরা জিতে, তবে নির্ভর করবে নেট রানরেটের হিসাবের ওপর।

আবুধাবিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ। তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের উদ্বোধনী জুটিতে ৬৩ রান যোগ হয়, যার মধ্যে পাওয়ার প্লেতেই আসে ৫৯ রান। 

তবে মাঝ ও শেষের ব্যাটিং ব্যর্থতায় ২০ ওভারে ৫ উইকেটে থামে ১৫৪ রানে। ইনিংসের সেরা ছিলেন তানজিদ তামিম, ৪ চার ও ৩ ছক্কায় ৫২ রান করে এ বছর বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কার মালিকও হন (২৬)।

১৫৫ রানের লক্ষ্যে খেলতে নেমে আফগানিস্তানকে শুরুতেই চাপে ফেলেন নাসুম আহমেদ। প্রথম বলেই সেদিকউল্লাহ আতালকে আউট করেন তিনি, পরে ফেরান ইব্রাহিম জাদরানকেও। 

এরপর রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমানের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় আফগানরা। যদিও আজমতউল্লাহ ওমরজাই (৩০ রান, ১৮৭.৫০ স্ট্রাইকরেটে) ও রশিদ খান (২০ রান, ১১ বলে) শেষ দিকে ম্যাচে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন।

কিন্তু শেষ ওভারে ২১ রানের সমীকরণ নিয়ে ব্যাট করতে নেমে আফগানিস্তান আর পারেনি। তাসকিন আহমেদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৪ রানে থেমে যায় তাদের ইনিংস, জয় পায় বাংলাদেশ ৮ রানে।

এই জয়ের মাধ্যমে অবশেষে আফগানিস্তানের বিপক্ষে বিদেশের মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি জয় পেল বাংলাদেশ।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।