খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট স্থগিত রয়েছে। এতে ১৭৮ জন যাত্রী আটকা পড়েছেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতের এ ঘটনা নিশ্চিত করেছেন বিমানের দুবাই আঞ্চলিক ব্যবস্থাপক সাকিয়া সুলতানা।
সাকিয়া সুলতানা বলেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে উড্ডয়নের আগে নিয়মিত পরিদর্শনের সময় ত্রুটি ধরা পড়ায় উড়োজাহাজটি গ্রাউন্ডেড করা হয়েছে।
আটকে পড়া যাত্রীদের মধ্যে ১৭৫ জনকে হোটেলে স্থানান্তর করা হয়েছে। ভিসাজনিত সমস্যার কারণে বাকি তিনজনকে বিমানবন্দরের লাউঞ্জে রাখা হয়েছে। তিনি জানান, যাত্রীদের জন্য খাবারেরও ব্যবস্থা করা হয়েছে।
ঢাকা থেকে বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে বিমানের একটি ফ্লাইটে প্রয়োজনীয় যন্ত্রাংশ দুবাইয়ে পৌঁছানোর কথা রয়েছে। ত্রুটি সমাধান হলে রাতেই উড়োজাহাজটি সিলেট হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বোয়িং ৭৮৭-৮ মডেলের ফ্লাইট বিজি-২৪৮ মঙ্গলবার রাত ১২টা ৫ মিনিটে দুবাই থেকে সিলেট হয়ে ঢাকার উদ্দেশ্যে ছাড়ার কথা ছিল। তবে যান্ত্রিক সমস্যার কারণে নির্ধারিত সময়ে উড্ডয়ন সম্ভব হয়নি।
একজন যাত্রী বলেন, মঙ্গলবার রাতেই বোর্ডিং সম্পন্ন করে বিমানে উঠেছি। উড্ডয়নের আগে হঠাৎ ত্রুটি ধরা পড়ায় এখন হোটেলে অবস্থান করছি। কখন দেশে ফিরতে পারব, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
যাত্রীরা আরও জানান, দ্রুত ঢাকায় পৌঁছানোর জন্য তারা বিমানের ফ্লাইটটি বেছে নিয়েছিলেন। কিন্তু বিলম্বের কারণে নারী, শিশু ও প্রবীণসহ সকল যাত্রীই ভোগান্তিতে পড়েছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, ত্রুটি মেরামতের পর ফ্লাইটটি নির্ধারিত গন্তব্যে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।
খবরওয়ালা/শরিফ