খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
নীলফামারীর ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলামের অপসারণের দাবিতে ঝাড়ু মিছিল করেছেন এলাকাবাসী। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কাজীপাড়া থেকে শুরু হয়ে হৃদয়ে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয় মিছিলটি।
মিছিল শেষে সেখানে এক প্রতিবাদ সভা হয়। এতে বক্তব্য দেন স্থানীয় সাংবাদিক আসাদুজ্জামান হিল্লোল, আবু ফাত্তাহ কামাল পাখি, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সভাপতি গোলাম কুদ্দুছ আইয়ুব, জামায়াত নেতা সোহেল রানা ও তুহিন ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, এলাকায় মাদকের কারবারসহ নানা অপকর্মের বিষয়ে সাংবাদিক আসাদুজ্জামান হিল্লোল ওসির সঙ্গে যোগাযোগ করলে ওসি সহযোগিতার পরিবর্তে হিল্লোলকে হুমকি দেন। তাঁরা অভিযোগ করেন, মাদক কারবারি রুপার পক্ষে অবস্থান নিয়ে হিল্লোলকে হুমকি দেন ওসি। এ ছাড়া ওসির বিরুদ্ধে মাদক কারবারিদের কাছ থেকে কমিশন গ্রহণ, টাকা নিয়ে মামলা, আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে সুযোগ-সুবিধা দেওয়ার অভিযোগ তুলে ধরেন বক্তারা। অবিলম্বে ওসি মো. আরিফুল ইসলামকে অপসারণের দাবি জানান তাঁরা।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানিয়েছেন, সাংবাদিক হিল্লোলের সঙ্গে তার কোনো সমস্যা নেই। তিনি বলেন, কয়েকদিন আগে স্থানীয়রা মাদক কারবারি রুপার বাড়িতে মব তৈরি করে আগুন লাগানোর পরিকল্পনা করছিল। এই পরিস্থিতিতে তিনি হিল্লোলকে ফোন করে সতর্ক করেছিলেন, যাতে মব সৃষ্টি করে কোনো সমস্যা না হয় এবং সমস্যা হলে দায় গ্রহণ করতে হয়।
ওসি আরিফুল আরও বলেন, রুপার বাড়ির মাদক কারবারি কখনো তার বিষয়ে তথ্য দেয়নি। তাই এই ভুল বোঝাবুঝির কারণে সাংবাদিক হিল্লোলের লোকজন মিছিল করেছে।
খবরওয়ালা/শরিফ