ভারত থেকে এলো ১ লাখ ২০ হাজার টন চাল

দেশের বাজারে চালের দাম স্বাভাবিক রাখার জন্য বাণিজ্য মন্ত্রণালয় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে শুল্কমুক্তভাবে চাল আমদানি করার অনুমতি দিয়েছে। এতে মাত্র ৩৮ দিনের মধ্যে এক লাখ ২০ হাজার টন চাল দেশে পৌঁছেছে। এই আমদানি কার্যক্রমের ফলে বাজারে সব ধরনের চালে প্রতি কেজিতে ৩ থেকে ৪ টাকা পর্যন্ত হ্রাস দেখা দিয়েছে, যা সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি তৈরি করেছে।

হিলি স্থলবন্দর ঘুরে দেখা যায়, বন্দরের অভ্যন্তরে সারি সারি ভারতীয় চালবোঝাই ট্রাক দাঁড়িয়ে রয়েছে। এসব ট্রাকে রয়েছে ভারত থেকে আমদানি করা স্বর্ণা-৫, সম্পা কাটারি, ৪০/৯৪ (চিকন জাত) এবং রত্না চাল। দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাইকারি ব্যবসায়ীরা বন্দরে এসে চালের মান পরীক্ষা করে কিনছেন। বর্তমানে প্রতি কেজি স্বর্ণা-৫ জাতের চাল বিক্রি হচ্ছে ৪৯ থেকে ৫০ টাকা, সম্পা কাটারি বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৬৭ টাকা, আর ৪০/৯৪ জাতের চাল বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬০ টাকা।

হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বলেন, দেশের বাজারে চালের দাম স্বাভাবিক রাখতে আমদানি চলমান রয়েছে। বাজারে চালের দাম অনেক কম, তবে চাহিদার তুলনায় আমদানি বেশি হওয়ায় তেমন বিক্রি হচ্ছে না। বন্দরে অনেক চালবোঝাই ট্রাক পড়ে আছে, চাহিদা বাড়লে এসব বিক্রি হবে।

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, ১২ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ২ হাজার ৩২৩টি ট্রাকে শুল্কমুক্তভাবে এক লাখ ২০ হাজার টন চাল আমদানি হয়েছে। এসব চাল বন্দর থেকে ৫০০ থেকে ৫২০ ডলারে খালাস করছেন ব্যবসায়ীরা, শুধু ২ শতাংশ অগ্রিম আয়কর দিয়ে। দেশের বাজারে চাহিদা থাকা কারণে আমদানিকারকরা দ্রুত বাজারজাত করতে পারে, সেজন্য হিলি কাস্টমস তাদের সবধরনের সহযোগিতা করে যাচ্ছে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।