খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
খুলনার ফুলতলা উপজেলায় চাঁদাবাজির অভিযোগে আলম মোল্লা (৪০) নামের এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) জামিরা বাজারে এ ঘটনা ঘটে।
নিহত আলম মোল্লা ডুমুরিয়ার টোলনা গ্রামের হায়দার আলী মোল্লার ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার বিকেলে জামিরা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মোল্লার টোলনা গ্রামের বাড়িতে ৪–৫ জন মুখোশধারী, অস্ত্রসজ্জিত সন্ত্রাসী হাজির হয়ে প্রকাশ্যে আলম মোল্লাসহ সবার জীবনের নিরাপত্তা নিয়ে হুমকি দেয়। এর আগে তারা বাজারের একটি দোকানকে অস্ত্রের মুখে জিম্মি করে মোটা অঙ্কের চাঁদার দাবি করে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছিল।
ঘটনার পর ক্ষুব্ধ ব্যবসায়ীরা একজোট হয়ে আলম মোল্লাকে তার বাড়ি থেকে ধরে এনে বাজারে নিয়ে যান। সেখানে উপস্থিত ব্যবসায়ী ও স্থানীয় মানুষজন তাকে গণপিটুনি দেন, যা ঘটনায় তার মৃত্যু ঘটে। খবর পেয়ে ফুলতলা থানা পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, নিহত আলম মোল্লাসহ একটি চাঁদাবাজ ও সন্ত্রাসী চক্রের হাতে দীর্ঘদিন ধরে তারা জিম্মি হয়ে ছিলেন। ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জেল্লাল হোসেন বলেন, নিহত আলমের লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের তদন্ত চলছে এবং নিহতের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান ও সেনাবাহিন্যের সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন।
খবরওয়ালা/এন