খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও নোবেল শান্তি পুরস্কারের দাবি তুলেছেন। তার বক্তব্য, বাণিজ্য কূটনীতির মাধ্যমে তিনি ভারত-পাকিস্তানসহ সাতটি সংঘাত বন্ধ করেছেন। তাই প্রতিটি যুদ্ধ থামানোর জন্য তার একটি করে নোবেল পুরস্কার পাওয়া উচিত।
শনিবার (২০ সেপ্টেম্বর) আমেরিকান কর্নারস্টোন ইনস্টিটিউট ফাউন্ডার্স ডিনারে দেওয়া ভাষণে ট্রাম্প এসব মন্তব্য করেন বলে জানিয়েছে এনডিটিভি।
ট্রাম্প বলেন, ‘বিশ্বমঞ্চে আমরা এমন কিছু করছি, যা আগে কখনো হয়নি। আমরা শান্তি চুক্তি করছি, যুদ্ধ থামাচ্ছি। যেমন ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বন্ধ করেছি, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যুদ্ধ থামিয়েছি।’
তিনি আরও দাবি করেন, ভারত ও পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ হওয়ায় যুদ্ধের ঝুঁকি ভয়াবহ ছিল। কিন্তু তিনি হুঁশিয়ারি দেন— যুদ্ধ হলে কোনো বাণিজ্য হবে না। এরপরই দুই দেশ পিছু হটে। তার ভাষায়, ‘দুই দেশের নেতাদের প্রতি আমার শ্রদ্ধা আছে, তবে মূলত বাণিজ্যের মাধ্যমেই সংঘাত থেমেছে।’
শুধু ভারত-পাকিস্তান নয়, আরও কয়েকটি সংঘাত থামানোর কৃতিত্বও নিজের ঝুলিতে ভরেছেন ট্রাম্প। তার দাবি অনুযায়ী, থাইল্যান্ড-কম্বোডিয়া, আর্মেনিয়া-আজারবাইজান, কসোভো-সার্বিয়া, ইসরায়েল-ইরান, মিসর-ইথিওপিয়া এবং রুয়ান্ডা-কঙ্গো— এসব জায়গার সংঘাতও তিনি থামিয়েছেন। ট্রাম্পের ভাষায়, এসবের মধ্যে ‘৬০ শতাংশই বাণিজ্যের কারণে থেমেছে।’
নোবেল প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকে আমাকে বলেছেন, যদি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারি, তবে নোবেল পাব। কিন্তু আমি তো ইতোমধ্যে সাতটি যুদ্ধ থামিয়েছি। প্রতিটি যুদ্ধের জন্য আমার একটি করে নোবেল পাওয়া উচিত।’
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প দাবি করেন, প্রথমে তিনি ভেবেছিলেন এটি সহজেই সমাধান করা যাবে, কারণ পুতিনের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল। তবে পরে হতাশ হয়েছেন। তবুও তার বিশ্বাস, শেষ পর্যন্ত এই সংঘাতও সমাধান হবে।
খবরওয়ালা/এন