খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 7শে আশ্বিন ১৪৩২ | ২২ই সেপ্টেম্বর ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
চলতি বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন ‘রাগাসা’ ফিলিপাইনের উত্তরাঞ্চলে তাণ্ডব চালাচ্ছে। সুপার টাইফুনটি প্রবল ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত নিয়ে আঘাত হানায় হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
ফিলিপাইন ছাড়াও ঝড়টির প্রভাব পড়তে পারে হংকং, তাইওয়ান ও চীনের গুয়াংডং প্রদেশে। ইতিমধ্যে এসব এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
ফিলিপাইনের আবহাওয়া সংস্থা (পিএজিএএসএ) জানিয়েছে, সাগরে দ্রুত শক্তি সঞ্চয় করে রাগাসা ক্যাটাগরি–৫ মাত্রায় পৌঁছেছে। ঝড়ের কেন্দ্রস্থলে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২৬৭ কিলোমিটার রেকর্ড করা হয়েছে। সোমবার রাতে এটি উত্তর লুজনের বাতানেস ও বাবুয়ান দ্বীপপুঞ্জের কাছ দিয়ে অতিক্রম করবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
যদিও ঝড়টি সরাসরি স্থলভাগে আঘাত হানবে না, তবে এর প্রান্তীয় অংশে ঘণ্টায় ৩১৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং ৪০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। এতে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঝুঁকি তৈরি হয়েছে। এছাড়া সমুদ্রপৃষ্ঠে তিন মিটার উঁচু জলোচ্ছ্বাস বাতানেস ও বাবুয়ান দ্বীপপুঞ্জ, পূর্ব তাইওয়ান এবং পরবর্তীতে দক্ষিণ চীন ও ভিয়েতনামের উপকূলীয় অঞ্চল প্লাবিত করতে পারে।
সরকারি হিসাবে, বাবুয়ান দ্বীপপুঞ্জে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ১০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। অনেক জায়গায় কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। রাজধানী ম্যানিলাসহ উত্তরাঞ্চলের হাসপাতালে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি।
অন্যদিকে তাইওয়ানে সব ধরনের ফেরি সার্ভিস স্থগিত করা হয়েছে এবং হুয়ালিয়েন কাউন্টির বাসিন্দাদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে। চীনের গুয়াংডং প্রদেশের শেনজেনে ৪ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে স্থানীয় প্রশাসন। পূর্বাভাস অনুযায়ী, রাগাসা বুধবার ভোরে হংকংয়ের দক্ষিণ দিয়ে অতিক্রম করতে পারে। তখন বাতাসের গতি ঘণ্টায় ২০০ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে।
উত্তর কাগায়ান প্রদেশের কোস্টাল শহর আপার্রির বাসিন্দা তিরসো টুগাগাও বলেন, ‘প্রচণ্ড বাতাসে ঘুম ভেঙে যায়। জানালায় তীব্র শব্দ হচ্ছিল যেন কোনো যন্ত্র চলছে। সমুদ্রসৈকতে উঁচু ঢেউ আছড়ে পড়ছিল। আমি শুধু প্রার্থনা করেছি, সবাই যেন নিরাপদ থাকে।’
কাগায়ান দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান রুয়েলি রেপসিং জানিয়েছেন, তার দল সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত। প্রেসিডেন্ট ফেরদিনান্দ মার্কোস ফেসবুকে লিখেছেন, তিনি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং সব সরকারি সংস্থা যেকোনো সময় সহায়তার জন্য প্রস্তুত রয়েছে।
প্রচণ্ড বৃষ্টির আশঙ্কায় রাজধানী ম্যানিলা ও আরও ২৯টি প্রদেশে স্কুল ও সরকারি অফিস বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, লুজনের উত্তরাঞ্চলে প্রাণঘাতী বন্যা ও ভূমিধসের ঝুঁকি অত্যন্ত বেশি।
খবরওয়ালা/এন