খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 8শে আশ্বিন ১৪৩২ | ২৩ই সেপ্টেম্বর ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতীক শাপলা না দিলে আগামী নির্বাচন কীভাবে হয় দেখে নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলটির মুখ্য সংগঠক (উত্তর) সারজিস আলম।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে তিনি এ সতর্কবার্তা দেন।
সারজিস লিখেন, নির্বাচন কমিশন সচিব বলেছেন মার্কার তালিকায় শাপলা নেই, তাই এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না। এর মানে কোনো আইনগত বাধা নয়, বরং তালিকায় না থাকার কারণে তারা শাপলা দিতে পারছে না।
তিনি বলেন, নিবন্ধনের জন্য আবেদন করার দিন শাপলা প্রতীকের কথা স্পষ্টভাবে জানানো হয়েছিল। তাহলে ওই তালিকায় শাপলা মার্কা যুক্ত করা কাদের কাজ ছিল? এতদিন কি তারা নির্বাচন কমিশনে বসে বসে নাটক দেখেছে, নাকি স্বাধীন প্রতিষ্ঠানে বসে অন্য কোনো প্রতিষ্ঠান, দল বা এজেন্সির কথামতো উঠবস করেছে?
সব ধরনের ভণ্ডামিকে রাজনৈতিকভাবে মোকাবিলার হুঁশিয়ারি দিয়ে এনসিপির এই নেতা বলেন, যেহেতু কোনো আইনগত বাধা নেই, তাই এনসিপির প্রতীক শাপলাই হতে হবে। অন্য কোনো অপশন নেই। নাহলে কোন নির্বাচন কীভাবে হয় আর কে কীভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে—সেটা আমরাও দেখে নেব।
এদিকে দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, সংশোধিত প্রতীকের তালিকায় শাপলা প্রতীক না থাকায় এনসিপিকে নতুন করে প্রতীক জমা দিতে হবে কমিশনে।
খবরওয়ালা/এন