খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
নাটোরের লালপুর উপজেলার দূড়দুরিয়া ইউনিয়নের জোতগৌরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বর্ষায় জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তিতে পড়েছে।
হাঁটুসমান পানির কারণে যাতায়াত ব্যাহত হওয়ায় অনেকেই স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীদের ময়লা পানির মধ্য দিয়েই স্কুলে যাতায়াত করতে হচ্ছে। এর মধ্যে এক শিক্ষার্থী পিছলে পানিতে পড়ে গেলে শিক্ষকরা উদ্ধার করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় শিশু শ্রেণির পাঠদান সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
শিক্ষকরা জানান, দীর্ঘদিনের জলাবদ্ধতার কারণে অনেক শিক্ষার্থী ঘা, চুলকানি ও পাচড়ার মতো চর্মরোগে আক্রান্ত হচ্ছে। এতে শিক্ষার্থীরা স্কুলে আসতে নিরুৎসাহিত হচ্ছে।
স্থানীয় অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ বলেন, “প্রতিবছর বর্ষায় এ স্কুলটি পানিতে ডুবে যায়। শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়ে। এর দ্রুত স্থায়ী সমাধান প্রয়োজন।”
এদিকে শিক্ষকরা অভিযোগ করেন, বিদ্যালয়ে এখনো বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হয়নি। ফলে মাঝেমধ্যেই ফ্যানসহ বিভিন্ন আসবাবপত্র চুরি হচ্ছে।
শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় অভিভাবকরা দ্রুত সমস্যা সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
খবরওয়ালা/আশ