খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
চারটি নতুন পারমাণবিক চুল্লি নির্মাণের জন্য ২৫ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে ইরান ও রাশিয়া। শুক্রবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে এ তথ্য প্রকাশিত হয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে শিগগিরই এক প্রস্তাবের ওপর ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। চীন ও রাশিয়া উদ্যোগ নিয়েছে যাতে এই প্রস্তাবের মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অন্তত ছয় মাসের জন্য স্থগিত করা যায়। এমন প্রেক্ষাপটেই এই চুক্তির ঘোষণা এলো।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, হরমোজগান প্রদেশের সিরিক শহরে ৫০০ হেক্টর (১ হাজার ২৩৫ একর) জায়গাজুড়ে চারটি নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হবে। সংযুক্ত আরব আমিরাত ও ওমানের উপকূলের কাছাকাছি এই অঞ্চলে নির্মিত হতে যাওয়া তৃতীয় প্রজন্মের চুল্লি থেকে উৎপাদিত হবে ৫ গিগাওয়াট বা ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ।
এর আগে বুধবার রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম মস্কোতে ইরানের সঙ্গে ছোট আকারের বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সমঝোতা স্মারক স্বাক্ষরের ঘোষণা দিয়েছিল। তবে তখন কতটি কেন্দ্র নির্মিত হবে, তা উল্লেখ করা হয়নি।
বর্তমানে ব্যাপক বিদ্যুৎ ঘাটতির মুখে থাকা ইরানে কেবল একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু আছে। বুশেহর শহরে অবস্থিত রাশিয়ার নির্মিত সেই কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ১ গিগাওয়াট বা ১ হাজার মেগাওয়াট।
রাশিয়া দীর্ঘদিন ধরে ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে অবস্থান করছে। গত জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে তেহরানের পারমাণবিক স্থাপনায় সমর্থন জানিয়েছিল মস্কো।
অন্যদিকে, ইসরায়েল কোনো প্রমাণ ছাড়াই অভিযোগ করেছে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছেছে। পশ্চিমা দেশগুলোও বহু বছর ধরে অভিযোগ করে আসছে যে তেহরান গোপনে অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে। তবে ইরান বরাবরই এসব দাবি অস্বীকার করে আসছে। তেহরানের বক্তব্য, তাদের কর্মসূচি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে। চলতি সপ্তাহের শুরুতে জাতিসংঘ সাধারণ পরিষদে ইরানের প্রেসিডেন্ট আবারও বলেছেন, তেহরান ‘কখনো পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করবে না’।
জাতিসংঘে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের বিষয়েও রাশিয়া আপত্তি জানিয়েছে। দেশটি ২০১৫ সালের পারমাণবিক চুক্তি বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। তবে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য ইরানের বিরুদ্ধে ‘স্ন্যাপব্যাক মেকানিজম’ চালুর পক্ষে অবস্থান নিয়েছে। আগামীকাল শনিবারের মধ্যেই এ ধরনের নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা রয়েছে।
খবরওয়ালা/শরিফ